জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি- সংগৃহীত
এই মুহূর্তে জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের। বিশ্ববাজারে তেলের দাম কমলে জনগণকে স্বস্তি দিতে জ্বালানির মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার।
এর আগে হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য অন্য জেলায় দৌড়াতে না হয়, সে লক্ষেই সরকার কাজ করছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেনারেল হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্যদিকে, দেশে গ্যাস নিয়ে সাময়িক যে সমস্যা ছিল, তা কেটে গেছে। এখন গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক বলে এ সময় উল্লেখ করেন।






























