হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম


হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের প্রস্তাব ইরানের

ছবি: সংগৃহীত

যুদ্ধের অবসান এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন আরাঘচি। সেখানে সাংবাদিকদের তিনি জানান, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সপ্তম দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা সম্ভব হবে। প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার জাপানের একটি গণমাধ্যম এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের তথ্য প্রকাশ করেছিল। তবে ওই সময় ইরানি গণমাধ্যম প্রতিবেদনটির দাবি অস্বীকার করে। এরই মধ্যে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আরাঘচির বৈঠকও হয়েছে।

অন্য আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বশেষ পরিকল্পনায় লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের শর্ত রয়েছে। পাশাপাশি ইরানের জব্দ করা সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়ও প্রস্তাবের অংশ বলে জানা গেছে।

আরাঘচি জানিয়েছেন, শর্তগুলো পূরণ হলে সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছেন।

এর আগে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছিলেন, তেহরানের দাবির মধ্যে ইয়েমেনে শত্রুতা বন্ধের বিষয়টিও রয়েছে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের অবসানের লক্ষ্যে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। ওই সমঝোতার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা শুরুর কথা ছিল। তবে পরবর্তী সময়ে সেই সমঝোতা ভেঙে যায় এবং দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।

বর্তমানে হরমুজ প্রণালি ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনাও হয়েছে।

Ads