নিষিদ্ধ আ.লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করতে হবে: এ্যানি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শাহিদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে ‘ফ্ল্যাশ মিছিল’ করে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক ও প্রশাসনিক—দুইভাবেই মোকাবিলা করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শাহিদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ চট্টগ্রামে ফ্ল্যাশ মিছিলের মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে। তাদের কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া যাবে না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির এই বৈঠকে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, অবৈধ অস্ত্র, মাদক কারবার, পাহাড় কাটা ও অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের মতো বিষয়গুলোও সাধারণ আইনশৃঙ্খলার পাশাপাশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
পানি সম্পদমন্ত্রী বলেন, “জনগণের কল্যাণ ও তাদের প্রয়োজন পূরণে আমরা কিছু নির্দিষ্ট উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে অবৈধ অস্ত্র জব্দ, মাদক কারবার বন্ধ, পাহাড় কাটা ও বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখেছি, এসব কর্মকাণ্ড অনেক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ভূমিকা রাখে। বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “দায়িত্বের প্রতি গভীর অঙ্গীকার নিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই এ অঞ্চলের মানুষ এসব উদ্যোগের ইতিবাচক ফল দেখতে পাবেন।”
এর আগে পানি সম্পদমন্ত্রী মো. শাহিদউদ্দিন চৌধুরী এ্যানির প্রধান অতিথিত্বে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সারোয়ার জামাল নিজাম, আবু সুফিয়ান ও হুমাম কাদের চৌধুরী। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































