বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, প্রতি আউন্স ৪৩০৪ ডলার
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কার মধ্যে সোনার বাজারে অস্থিরতা বিরাজ করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছায়।
জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন-ইরান চুক্তির আশায় তেলের দাম কমায় শুক্রবার সোনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মূল্যবান এই ধাতুর সাপ্তাহিক দরপতনের আশঙ্কা রয়েছে। কারণ, ফেডের উচ্চ সুদের হার ও বন্ডের বাড়তি মুনাফা সোনা ধরে রাখার সুযোগ-ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ট্রেডাররা অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে ৯৫ শতাংশ ধরে হিসাব করছেন।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা পাওয়া সম্পদের দিকে ঝুঁকতে পারেন। এতে সোনার চাহিদায় প্রভাব পড়তে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬৭ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৫ দশমিক ০৩ ডলারে নেমেছে।
দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

































