কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৬২৪ জন
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে একযোগে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে মাঠে নামে। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও যেসব এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানেও অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
অভিযান শেষে মোট ৬২৪ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধ ও অতীত রেকর্ড বিবেচনা করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


































