খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম


খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট শুরু

পার্বত্য চট্টগ্রামের তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সম্ভাবনাময় ফুটবল খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট’। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে পার্বত্য এলাকার বিভিন্ন প্রান্তের ১২টি দল অংশ নিচ্ছে।

গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান। এ সময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশরাফু কবির, পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পার্বত্য ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি স্পোর্টস একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খাগড়াছড়ি স্পোর্টস একাডেমি ২-১ গোলে পার্বত্য ফুটবল একাডেমিকে পরাজিত করে।

টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পাহাড়ের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে প্রতিভাবান ফুটবলারদের চিহ্নিত করে তাদের বিকাশের সুযোগ তৈরি এবং তরুণদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেও প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এ ধরনের প্রতিযোগিতা পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পাশাপাশি খাগড়াছড়ির ফুটবলে আরও গতি সৃষ্টি হবে।

Ads