গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান।
নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কাজীর ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, আশরাফ ফারুকী লিটন মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে নিজ বাড়ি পোনা গ্রামে যাচ্ছিলেন। পথে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং লিটন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।































