মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে তিন গরুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম


মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে তিন গরুর মৃত্যু


খাগড়াছড়ির মহালছড়িতে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলা সদরসংলগ্ন শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিনগর গ্রামের কৃষক সমের আলীর গোয়ালঘরের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের একটি তার ভোরে ছিঁড়ে পড়ে। এতে গোয়ালঘরটি বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়। মৃত গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে স্থানীয়দের দাবি।

এ ঘটনায় বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

মহালছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মোখলেছার রহমান বলেন, বিদ্যুতের খুঁটির ইনসুলেটর ফেটে যাওয়ায় তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে, তিনটি গরু হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষক সমের আলী দিশেহারা হয়ে পড়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে যথাযথ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Ads