খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, খাগড়াছড়ি শাখার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, খাগড়াছড়ি শাখার সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, জেলা পরিষদের সদস্য কুহেলি দেওয়ান ও তাছলিমা সিরাজ সিমাসহ শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণের চেতনা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়ি সদরসহ জেলার বিভিন্ন উপজেলার মন্দির থেকেও পৃথক আনন্দ র্যালি ও ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।




































