খাগড়াছড়িতে নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পিএলসির রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুস সালাম এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া।
আয়োজকেরা জানান, কর্মসূচির প্রথম ধাপে দেশের সাতটি জেলা—বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নারী হকি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বে জেলার বিভিন্ন এলাকার ৫০ জন নারী ও কিশোরী অংশ নেন। তাঁদের মধ্য থেকে ২৫ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের ২৫ দিনে মোট ৫০টি সেশনে হকি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের নিয়ে খাগড়াছড়ি জেলা নারী হকি দল গঠনের পরিকল্পনা রয়েছে। এই দলের খেলোয়াড়েরা পরবর্তী সময়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রশিক্ষণে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় হকি দলের খেলোয়াড় সুমি আক্তার।
আয়োজকদের ভাষ্য, প্রত্যন্ত এলাকার নারী ও কিশোরীদের হকির সঙ্গে সম্পৃক্ত করা এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনাই কর্মসূচির মূল লক্ষ্য। পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ পেলে খাগড়াছড়ি থেকে জাতীয় পর্যায়ের নারী হকি খেলোয়াড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।




































