সীমান্ত নিরাপত্তায় ফটিকছড়িতে রহমতপুর বিওপি উদ্বোধন
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন নবনির্মিত রহমতপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি রহমতপুর এলাকায় নবনির্মিত এই বিওপি উদ্বোধন করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দুর্গম এই সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে রহমতপুর বিওপি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সদস্যদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে বিজিবি সদস্যরা আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি আরও বলেন, ফটিকছড়ির দুর্গম সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে রহমতপুর বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজিবি জানিয়েছে, নতুন এই বিওপি চালুর ফলে ফটিকছড়ির সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় সীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক পাচার ঠেকাতে বিজিবির কার্যক্রম আরও জোরদার হবে।




































