খাগড়াছড়িতে গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
০৫ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
গণভোটের জনরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে খাগড়াছড়িতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের মুক্তমঞ্চ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শান্তিনগর মোড় ও সেলিম ট্রেড সেন্টার মোড় প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে ফিরে সমাবেশে মিলিত হয়। ১১ দলীয় ঐক্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক সাথোয়াই মারমা, সদস্য সচিব শোবোধ চাকমা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও খাগড়াছড়ি আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জামায়াতের জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান।
বক্তারা বলেন, জনগণের গণরায় দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। তারা এ দাবিতে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
তবে ছাত্রদলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সমাবেশে বক্তাদের বক্তব্যের অংশ। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




































