হবিগঞ্জে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


হবিগঞ্জে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা চলাকালে দলটির নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টায় জেলা সদরের মহাজনপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের শাপলা চত্বর, ভাঙাব্রিজ ও চেঙ্গী স্কয়ার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নূর আলম। তিনি বক্তব্যে হবিগঞ্জের ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা পরিহার এবং সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক চাইথোয়াই মারমা, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ নেওয়াজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনাকাঙ্ক্ষিত। তারা হবিগঞ্জের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Ads