বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম


বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

গুড়ার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট স্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাফিকুল (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।

পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল বাছেদ জানান, রোববার দিবাগত রাতে আশরাফুল নামে এক ব্যক্তি স্ট্রোক করেন। তাকে হাসপাতালে ভর্তি করতে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাফিকুল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হন।

হাসপাতালের গেটে ঢোকার সময় একটি নাইটকোচ সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়। এতে সাফিকুল ও আরাফাত নিহত হন।

অন্যদিকে, শাজাহানপুর থানার পুলিশ জানায়, খাদিজা এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় নিহতদের পরিচয় নিশ্চিত করতে কিছুটা সময় লাগে। পরে দুই পুরুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া যায়। রানীরহাটের দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Ads