অসহায় বৃদ্ধ দম্পতির স্বপ্নপূরণ: সেনাবাহিনীর সহায়তায় পেলেন নতুন ঘর

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম


অসহায় বৃদ্ধ দম্পতির স্বপ্নপূরণ: সেনাবাহিনীর সহায়তায় পেলেন নতুন ঘর

 

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বেলতলী পাড়ার বরেন্দ্র লাল ত্রিপুরা (৭৩) ও প্রভাতী বালা ত্রিপুরা (৭০) দম্পতির জীবনে নতুন আলো ছড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের অর্থায়নে নির্মিত নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।  

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষে নবনির্মিত ঘর উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

গত ২৩ জানুয়ারি 'দৈনিক প্রতিদিনের চিত্র' পত্রিকায় প্রকাশিত “অসহায় বৃদ্ধ দম্পতির জীবন সংগ্রাম: সরকারি সহায়তার অভাবে ঝুপড়ি ঘরে কাটছে শেষ বয়স” শিরোনামের সংবাদটি রিজিয়ন কমান্ডারের নজরে আসে। এরপর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান তাৎক্ষণিকভাবে ওই দম্পতিকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং দ্রুত একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন। 

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের নিজস্ব অর্থায়নে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরার জন্য একটি আধাপাকা, রঙিন টিনের ছাউনি বিশিষ্ট নতুন ঘর নির্মাণ করা হয়।  

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত বরেন্দ্র লাল ত্রিপুরা বলেন, "আগে তো আমার ঘর নাই, এখন তো আর্মিরা ঘর দিয়েছে, এখন সুখে শান্তিতে থাকতে পারবো।"  

তার স্ত্রী প্রভাতী বালা ত্রিপুরাও আনন্দ প্রকাশ করে বলেন, "আগে তো ভাঙা ঘরে থাকতাম, এখন নতুন ঘর পেয়ে অনেক ভালো লাগছে।"  

ঘর হস্তান্তর সময়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, "খাগড়াছড়ি রিজিয়নের আওতায় কেউ গৃহহীন থাকবে না। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে।"  

স্থানীয় ইউপি মেম্বার বিপ্লব ত্রিপুরা রিংকু বলেন, "সাংবাদিকদের প্রচেষ্টায় এই অসহায় দম্পতির কষ্টের কথা সকলের নজরে এসেছে। সেনাবাহিনীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"  

স্থানীয় বিএনপির ইউনিয়ন সভাপতি সরনাথ ত্রিপুরা বলেন, "সাংবাদিকদের পজিটিভ নিউজের কারণে এই পরিবার ঘর পেয়েছে। এজন্য আমি সংবাদমাধ্যম ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।"  

বরেন্দ্র লাল ত্রিপুরা দম্পতির নতুন ঘর পাওয়ার ঘটনা শুধু একটি সহায়তা নয়, বরং এটি প্রমাণ করে যে দায়িত্বশীল সাংবাদিকতা ও মানবিক উদ্যোগ কিভাবে মানুষের জীবন পরিবর্তন করতে পারে। 

 

Ads