ঢাকায় আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম
ঢাকা এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে আদিবাসী ছাত্র জনতার উপর ‘স্টুডেন্টস্ ফর সভারেন্টি’ সংগঠনের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়। পরে সেখানে আদিবাসী ছাত্র জনতার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষার্থী লাইব্রচাই মারমা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্যনু মারমা। এতে বক্তব্য দেন নয়ন চাকমা, উংসিথোয়াই মারমা, মংসাই মারমা, নিশান চাকমা, নয়ন ত্রিপুরা, নেপোলিয়ন চাকমা, তুষিতা চাকমা, বাবু চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, “আদিবাসী ছাত্র জনতার ঢাকার কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু ‘স্টুডেন্টস্ ফর সভারেন্টি’ নামে একটি সংগঠন অর্তকিতভাবে হামলা চালিয়ে ন্যক্কারজনক উদাহরণ তৈরি করেছে। এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থী।”
তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরো বলেন, “আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং এনসিটিবি পাঠ্যপুস্তকে আদিবাসীদের ঐতিহ্যবাহী গ্রাফিতি পুনঃস্থাপন করতে হবে। আদিবাসীদের উপর যেকোনো আঘাত হলে বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি আদিবাসীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুনরায় আঘাত করা হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”
বিক্ষোভ ও সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উপস্থিত জনতা সংহতি প্রকাশ করেন এবং আদিবাসী ছাত্র জনতার ন্যায়সংগত দাবির প্রতি সমর্থন জানান।
উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ঢাকায় এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি চলাকালে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা চালানো হয়। ওই হামলায় ১৫জন আহত হন।































