খাগড়াছড়িতে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-চেলাছড়া সেন্টারের বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান
১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং আগাপে'র বাস্তবায়নে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-চেলাছড়া সেন্টারের আয়োজনে বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের চেলাছড়া পাড়াস্থ প্রকল্প কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা। সভাপতিত্ব করেন প্রকল্পের লোকাল সেন্টার কমিটি (এলসিসি)-এর চেয়ারম্যান যশোবর্ধন ত্রিপুরা।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক দিলীপ কুমার ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরার সহধর্মিণী, আগাপে'র প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাচন্দ্র ত্রিপুরা, এলসিসি সদস্য আশা প্রিয় ত্রিপুরা, চেলাছড়া ব্যাপ্টিস্ট চার্চের সহ-সম্পাদক তরুন বিকাশ ত্রিপুরা এবং স্থানীয় ইউপি সদস্য নিতু ত্রিপুরা।
উপকারভোগীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, প্রকল্প থেকে পাওয়া সুবিধাগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের কুসংস্কার দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের উন্নয়ন ঘটাতে হবে।
এই উদ্যোগ প্রকল্পের আওতাভুক্ত শিশু, যুব ও অভিভাবকদের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রকল্পের আওতায় শিশু, যুব ও অভিভাবকসহ মোট ৩৪০ জনকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার বিতরণ শেষে সুবিধাভোগী শিশু-কিশোরদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।































