গোমতিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত ও জয়া ত্রিপুরাকে সংবর্ধনা


গোমতিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত ও জয়া ত্রিপুরাকে সংবর্ধনা


মাটিরাঙ্গার গোমতি এলাকায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগপ্রাপ্ত সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং জয়া ত্রিপুরাকে সংবর্ধনা দিয়েছে গোমতি হারুং শিক্ষা ও সমাজ উন্নয়ন সমিতি এবং এলাকাবাসী।  

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) গোমতি এলাকায় ত্রিপুরা ছাত্রাবাস হলরুমে গোমতি হারুং শিক্ষা ও সমাজ উন্নয়ন সমিতি এবং এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতি হারুং শিক্ষা ও সমাজ উন্নয়ন সমিতি এবং শিক্ষা কল্যাণ তহবিলের সভাপতি বাবুল চন্দ্র ত্রিপুরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য পল ত্রিপুরা।  

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, “দীর্ঘ সময় পর গোমতি হারুং এলাকা থেকে জয়া ত্রিপুরা নারী প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এলাকাবাসীর গর্ব ও আনন্দের বিষয়। এটি নারীর ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।” তাঁরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, দুই সদস্যের কার্যক্রমের মাধ্যমে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।  

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি-গোমতি-আমতলী ইউনিয়নের অন্তর্গত আটটি মৌজার হেডম্যান, কার্বারী, সুশীল সমাজ ও শিক্ষার্থী প্রতিনিধি সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা নতুন সদস্যদের কাছে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সহযোগিতা প্রত্যাশা করেন।  

এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা পাওয়ার পর জয়া ত্রিপুরা বলেন, “আমি এই দায়িত্ব এলাকাবাসীর উন্নয়নে নিয়োজিত করব। এটি আমার জন্য শুধু সম্মান নয়, দায়িত্বও। আপনাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই সফল হব।”

 

Ads