‘বিয়ন্ড দ্য ব্রিফ’: বিজ্ঞাপনের গণ্ডি পেরিয়ে শিল্পের স্বাধীন ভাষা
০১ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম
একজন গ্রাফিক ডিজাইনার বা বিজ্ঞাপন নির্মাতার সৃজনশীলতা সাধারণত নির্ধারিত হয় একটি ‘ব্রিফ’—অর্থাৎ ক্লায়েন্টের চাহিদা, ব্র্যান্ডের কৌশল এবং বাজারের বাস্তবতার মাধ্যমে। কিন্তু সেই গণ্ডির বাইরে, যখন একজন সৃষ্টিশীল মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের অভিজ্ঞতা, অনুভব ও দর্শন প্রকাশ করেন, তখন জন্ম নেয় ভিন্ন এক শিল্পভাষা। সেই শিল্পভাষারই বহুমাত্রিক প্রকাশ ঘটেছে ‘Beyond the Brief’ শীর্ষক সমকালীন শিল্পপ্রদর্শনীতে।

রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান এক্সিবিশন হলে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের বিজ্ঞাপন, গ্রাফিক ডিজাইন ও ভিজ্যুয়াল কমিউনিকেশন অঙ্গনের ১০ জন খ্যাতিমান সৃজনশীল পেশাজীবী শিল্পী। পেশাগত পরিচয়ের বাইরে তাঁদের শিল্পীসত্তার বহুমাত্রিক প্রকাশ নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি, যা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনীটির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বৃত্ত আর্টস ট্রাস্টের মহবুবুর রহমান । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল এস. ও. দে চিনচেত্রু। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পী, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ঢালী আল মামুন।

প্রদর্শনীর মূল ভাবনা হলো—প্রয়োগশিল্প ও চারুকলার মধ্যে যে প্রচলিত বিভাজন রয়েছে, তা আজ আর আগের মতো স্পষ্ট নয়। বরং দীর্ঘদিন ধরে বাণিজ্যিক যোগাযোগের ভাষা নির্মাণ করা শিল্পীরাও স্বাধীন শিল্পচর্চার মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক সংকট, রাজনৈতিক বাস্তবতা ও মানবিক প্রশ্নকে নতুনভাবে প্রকাশ করতে পারেন।
এই প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্য, ডিজিটাল আর্ট, ইনস্টলেশন এবং মিশ্র মাধ্যমে নির্মিত শিল্পকর্মের মাধ্যমে উঠে এসেছে কৃষিজমি হারিয়ে যাওয়ার বেদনা, অনিয়ন্ত্রিত নগরায়ণ, তথ্য বিভ্রান্তি ও গুজব, পরিবেশ সংকট, ব্যক্তিসত্তার পণ্যায়ন, সহিংসতা, পরিচয়ের সংকট, মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং সমকালীন সমাজের নানা জটিল প্রশ্ন। প্রতিটি শিল্পকর্মই শিল্পীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির আলোকে নির্মিত হলেও, সেগুলো বৃহত্তর সামাজিক বাস্তবতার সঙ্গে সংলাপ তৈরি করে।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন ইমরান হোসাইন পিপলু, মনির মৃত্তিক, আলী সাগর, শেখর শাশ্বত, পীযূষ তালুকদার পিন্টু, মহবুবুর রহমান, সনদ কুমার বিশ্বাস, মিতা মেহেদী, মেহেদী হাসান এবং শিমুল দত্ত। বিজ্ঞাপন ও নকশা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই শিল্পীরা তাঁদের নিজস্ব শিল্পভাষায় তুলে ধরেছেন সমকালীন সমাজের বহুমাত্রিক বাস্তবতা।
আয়োজকদের মতে, ‘Beyond the Brief’ কেবল একটি শিল্পপ্রদর্শনী নয়; এটি সৃজনশীল স্বাধীনতার একটি ঘোষণা। যেখানে শিল্পীরা শুধুমাত্র ক্লায়েন্টের নির্দেশনা নয়, বরং নিজের চিন্তা, প্রশ্ন ও অনুভূতিকেই প্রধান করে তুলেছেন। ফলে প্রদর্শনীটি দর্শকদের শুধু শিল্প উপভোগের সুযোগই দেয় না, বরং শিল্প, নকশা এবং সৃজনশীলতার সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেবে।

























