সন্ত্রাস-চাঁদাবাজি-মাদক দমনে সমন্বিত কার্যক্রম চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ আশরাফুল আলম

০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম


সন্ত্রাস-চাঁদাবাজি-মাদক দমনে সমন্বিত কার্যক্রম চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে যৌথ অভিযানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র‌্যাব) ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির জন্য পরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর নির্মাণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে খিলগাঁও থেকে পরিচালিত আনসার সদর দপ্তরের জায়গা অপরিসর হওয়ায় এবং যাতায়াতের সীমাবদ্ধতা থাকায় নতুন স্থানে আধুনিক ও বড় অবকাঠামো নির্মাণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। পাশাপাশি ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী বলেও উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাহিনীর আর্থিক ও অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে পূরণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কারও বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হচ্ছে।

তিনি বলেন, “ডিসেম্বর আমাদের বিজয়ের মাস; এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।”

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট কমাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরছে।

এ ছাড়া সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Ads