খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে শিগগিরই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও দুই দেশের মধ্যে এ বিষয়ে ইতিবাচক পরিবেশ রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধা ও সময় বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নির্ধারণ করা হবে। তবে সফরের দিন-তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে সার্বিক পরিবেশ ইতিবাচক বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। তার ভাষ্য, দুই দেশের জনগণই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ দুই খাতে দুই দেশেরই আগ্রহ রয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী কোনো মন্তব্য করতে চাননি।
তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বিষয়ের কথা এখানে বলতে চাই না।’
অজিত দোভালের ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আচ্ছা, এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই।’





























