মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম


মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার

ছবি: সংগৃহীত

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি বোট থেকে নারী, শিশু ও পুরুষসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে সমুদ্রসীমায় নিয়মিত টহলকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ উদ্ধার অভিযান পরিচালনা করে। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি জাহাজ ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের বোট ভাসতে দেখে। বোটে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে জাহাজটি তাৎক্ষণিকভাবে নৌবাহিনীকে খবর দেয়।

বার্তা পাওয়ার পর টহলরত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দেখা যায়, বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প বিকল হয়ে ভেতরে পানি প্রবেশ করছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত বোটে জমে থাকা পানি সেচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের প্রাণহানি থেকে ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ৬৫ জনের অধিকাংশই মানবপাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় বন্দি ছিলেন। পরে তাদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের পাশাপাশি অপরাধে জড়িত ১১ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

Ads