ল্যাবএইডে এন্ডোস্কোপি করাতে গিয়ে মৃত্যু, ৩ মাসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ ২০২৪, ১০:১০ পিএম


ল্যাবএইডে এন্ডোস্কোপি করাতে গিয়ে মৃত্যু, ৩ মাসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ

ছবি- সংগৃহীত।

 
রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনা তদন্ত করে ৩ মাসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 

সোমবার (১১ মার্চ) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশনা দেন। পাশাপাশি  চিকিৎসার অবহেলায় মৃত্যু তদন্তে বোর্ড কেন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

 

রাহিবের পরিবারের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম জানান, পরিবারের পক্ষ থেকে এ রিট দায়ের করা হয়েছে। তিনি বলেন, বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হয়েছে।

 

তিনি আরও বলেন, রিটে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং ল্যাবএইড ও সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ঘটনায় রাহিবের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।



রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

 

পেটে গ্যাসজনিত সমস্যার কারণে রাহিব ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) কাছে যান। এরপর গত ১৫ ফেব্রুয়ারি রাতে ওই চিকিৎসক রাহিবের এন্ডোস্কোপি করান।



তার স্বজনদের অভিযোগ, ল্যাবএইড হাসপাতালে পরীক্ষার রিপোর্ট না দেখেই রাহিবকে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হয়। এন্ডোস্কোপি করা হয় শারীরিক জটিলতার মধ্যেই। যে কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং এক পর্যায়ে শারীরিক অবস্থা আরও জটিল হলে তিনি মৃত্যুবরণ করেন।

 

রাহিব রাজধানীর স্টার্টিক ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজার ও আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। 

 

 

Ads