নোবেল পাওয়ার আশা ট্রাম্পের, কমিটি নিয়ে সংশয়ও

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম


নোবেল পাওয়ার আশা ট্রাম্পের, কমিটি নিয়ে সংশয়ও

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। তবে নরওয়ের নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।

২০২৬ সালের নোবেল পুরস্কারের বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ৫ অক্টোবর থেকে ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে। এ সময়ের মধ্যেই নোবেল পুরস্কার নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমার নোবেল পাওয়া উচিত। তবে আমি জানি না তাদের (নরওয়েজীয় নোবেল কমিটি) সিদ্ধান্ত কী হবে।’

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময়ে দাবি করে আসছেন, আন্তর্জাতিক সংঘাত নিরসনে তার ভূমিকা শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য।

ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় ভূমিকা রেখেছেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন। তবে এসব মনোনয়নের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। চলতি বছরের জানুয়ারিতে তিনি নিজের নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন। ওই ঘটনা উল্লেখ করে ট্রাম্প বলেন, মাচাদো তাকে এই পুরস্কারের জন্য যোগ্য মনে করায় তিনি সম্মানিত বোধ করেছেন।

তবে ট্রাম্প যেসব সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা বলছেন, সেসবের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি পক্ষ তার ভূমিকার গুরুত্ব নিয়ে ভিন্নমত পোষণ করেছে। একই সঙ্গে কিছু অঞ্চলে সংঘাত আবারও শুরু হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতিও ট্রাম্প পূরণ করতে পারেননি। এ ছাড়া ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এসব পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলেছে।

এদিকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় ট্রাম্পের পাশাপাশি পোপ লিও, আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নাম উঠে এসেছে। নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতায় যারা ভূমিকা রাখছেন, তাদের কাজকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Ads