নূর চৌধুরীকে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা, ড. ইউনূস সঠিক বলেননি- পররাষ্ট্রমন্ত্রী
৩০ জানুয়ারি ২০২৪, ০২:২৩ এএম
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের (Lilly Nicholls) সাথে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসাথে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস তার বিরূদ্ধে মামলাটি সরকার করেছে বলে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয় বলেছেন মন্ত্রী।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার (Christian Brix Moller) ও কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সৌজন্য সাক্ষাত এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি জিয়াওকুন শি'র (Jiaoqun Shi) ক্রেডেনশিয়ালস গ্রহণ শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ সব কথা বলেন।
কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কানাডায় মৃত্যুদণ্ড নেই, সেটি একটি অসুবিধা বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন। আমি দ্বিপাক্ষিক প্রক্রিয়ার জন্য অনুরোধ করেছি। হাইকমিশনার বলেছেন, তিনি বিষয়টি তাদের সরকারকে জানাবেন।
উল্লেখ্য, সরকার বঙ্গবন্ধু হত্যার বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে গত কয়েক বছর ধরে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার।
বাংলাদেশ থেকে আরও অভিবাসী নেওয়ার জন্য 'প্রিফারেন্সিয়াল' ব্যবস্থা গ্রহণ বিশেষ করে কৃষিখাতে নেওয়ার জন্য এবং এ দেশের শিক্ষার্থীদেরকে কানাডার স্টুডেন্টস ডিরেক্ট স্কিমের (এসডিএস) অন্তর্ভুক্ত করার বিষয়ে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে জানান মন্ত্রী।
রোববার ড. ইউনূসের দেওয়া বক্তব্য- তার বিরুদ্ধে মামলা শ্রমিকরা করেনি, সরকার করেছে, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী হাছান বলেন, `ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা রেখে বলছি, তিনি যা বলেছেন তা সঠিক নয়। ড. ইউনূসের প্রতিষ্ঠান শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেনি, তারা বঞ্চিত হয়েছে। এতে সংক্ষুব্ধ শ্রমিকরাই মামলা করেছে। এ জন্য শ্রম অধিদপ্তরের একটি অনুমোদন লাগে, সেটি তারা নিয়েছে। বিস্তারিত আইনি ব্যাখ্যা আইন মন্ত্রণালয় দেবে।'
































