খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, পুড়েছে নথি ও কম্পিউটার
১২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি সদর উপজেলায় ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, উপজেলা ভূমি কার্যালয়ের নিচতলার একটি কক্ষের সামনের অংশে সংরক্ষিত কাগজপত্র আগুনে পুড়ে গেছে। একই ভবনের পাশের উপজেলা সমাজসেবা কার্যালয়েরও একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে ভূমি কার্যালয়ে আগুন দেয়। পরে সেই আগুন পাশের সমাজসেবা কার্যালয়ে ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে পৌঁছান। ততক্ষণে আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল। অগ্নিকাণ্ডে তাঁর কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
তিনি আরও জানান, ঘটনার পর ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যালয়ের পেছনে তল্লাশি চালান। সেখানে একটি কেরোসিনের বোতল ও টিন পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ভূমি কার্যালয়ের কানুনগোর নথি সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনাস্থলের পেছন থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খাগড়াছড়ি স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর প্রায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
























