মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম
পবিত্র মদিনা নগরীতে সৌদি আরবের একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায়ী। হামলায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে বলে জানিয়েছে জোট। তবে এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি বলে দাবি করা হয়েছে।
তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তারা এ ধরনের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
মসজিদে নববীর মতো ইসলামের অন্যতম পবিত্র স্থানের সেবায় নিয়োজিত বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনাকে বাংলাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।































