হরমুজে জব্দ মার্কিন-ইসরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে যুদ্ধের সময় জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ বিক্রি করার পরিকল্পনা করেছে ইরান। জাহাজ বিক্রি থেকে পাওয়া অর্থ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য ব্যবহারের কথা জানিয়েছেন দেশটির একজন বিচার বিভাগীয় কর্মকর্তা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এ তথ্য জানান। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আবদোলিয়ানপুর বলেন, বিচারিক আদেশের আওতায় হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দ করা হয়েছে। এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর সহায়তায় ব্যবহার করা হবে।
তিনি আরও জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় হওয়া ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞরা কাজ শুরু করেছেন।
এর আগে ইরান জানিয়েছে, যুদ্ধের সময় হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক নৌ চলাচলেও বড় ধরনের প্রভাব পড়েছে।
ইরানের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ক্ষয়ক্ষতির হিসাব এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা জাহাজ বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।
































