চিত্রনায়িকা দিতির দ্বিতীয় জানাজা সম্পন্ন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ মার্চ ২০১৬, ০৫:২৩ পিএম


চিত্রনায়িকা দিতির দ্বিতীয় জানাজা সম্পন্ন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের সামনে মরহুমার স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এ জানাজা হয়।

জানাজায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনেতা আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ প্রমুখ।

সোমবার ভোরে রাজধানীর গুলশানে দিতির বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ। সকাল ৯টার পরপর মরহুমাকে নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।

এরপর দিতির মরদেহ নিয়ে যাওয়া হবে তার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রামের বাড়িতে। বাদ জোহর চতুর্থ ও শেষ জানাজার পর শেষ ইচ্ছে অনুযায়ী দিতিকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরসমাহিত করা হবে।

Ads