হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

শারমিন আক্তার আখি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম


হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

তালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিযোগ, একদল বাঙালি তাকে মারধর, গালাগাল ও শারীরিকভাবে হেনস্তা করেছে। এ সময় তার গায়ে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং ফোন ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি।

ঘটনার পর সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন বাঁধন। এ সময় তার মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। আঘাতের কারণে মুখের একপাশ ফুলে যাওয়ারও দাবি করেন তিনি।

বাঁধনের অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলাকারীদের একজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যা দিতে শোনা যায়।

লাইভে বাঁধন বলেন, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে একদল বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করে।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, তার গায়ে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট শিশুসন্তানও ছিল। তার ফোন ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।’

বাঁধন আরও জানান, তাকে ‘জুলাই যোদ্ধা’ বলা হয়েছে। এর জবাবে তিনি বলেন, তিনি সত্যিই জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন।

তার দাবি, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করে। পরে এসব ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি বাংলাদেশ থেকে একটি সিনেমা নিয়ে অংশ নিতে গেছেন উল্লেখ করে বাঁধন বলেন, সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাইয়ের আন্দোলনের পরও তিনি পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে জানান অভিনেত্রী।

বাঁধন হামলাকারীদের উদ্দেশে বলেন, এ ধরনের আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান পুনর্গঠন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার পর ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি। তার সেই রাজনৈতিক অবস্থানের জেরেই ভেনিসে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

 

Ads