প্রযোজক জগতের নতুন নাম দেব
২৭ অক্টোবর ২০১৫, ০১:৫২ এএম
ছবি-সংগৃহীত
প্রযোজক হিসেবে শুরু হল অভিনেতা দেবের নতুন ইনিংস। সেই সঙ্গে ফের শুভশ্রী-দেব জুটি। তবে এ জুটি বেশ কয়েক বছর পর বাংলার সিনেদুনিয়ায় আবার ফিরছেন। আর এই জুটিতেই যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতু’র শুটিং শুরু হল, তেমনই প্রযোজক হিসেবে দেবের নয়া ইনিংসেরও যাত্রা শুরু হল ৷
ছবির প্রযোজক হিসেবে দেব ছিলেন বেশ ‘একসাইটেড’৷ তা তিনি টুইট করেই জানিয়ে দিয়েছিলেন দর্শকদের। তাঁর প্রযোজনা সংস্থার নাম- দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ৷ একই সঙ্গে তাঁর ও শুভশ্রীর জুটির জনপ্রিয়তা মাথায় রেখে, তাঁদের প্রতি দর্শকের যে আকাশছোঁয়া প্রত্যাশা তাও টের পাচ্ছেন তিনি ৷ তাই নায়কও ছিলেন সকলের সমর্থন প্রত্যাশী ৷
এবারের পুজোয় ‘শুধু তোমারই জন্য’ ব্যাপক সাফল্য পেয়েছে ৷ সেই সাফল্য মাথায় নিয়েই পুজো শেষে ধূমকেতুর শুটিং শুরু করলেন ৷ প্রথম দিনের শুটিংয়ে দেবকে দেখা গেল বরবেশে ৷ কনের সাজে শুভশ্রী ৷ অনস্ক্রিন এ জুটির কেমিস্ট্রি যে জমজমাট হবে, তার আঁচ পাওয়া যায় এ ছবি থেকেই ৷
দেব ও শুভশ্রী আর কৌশিক গঙ্গোপাধ্যায়- একটু অচেনা হলেও এই সমীকরণই এবার বাংলা ছবির জগতে ৷ পরিচালক অবশ্য জানিয়েছেন, দেব শুভশ্রীর মতো নায়ক নায়িকা থাকলেও, তিনি তাঁর ঘরানা অনুযায়ীই এ ছবি করছেন ৷ আর সেখানে দুই চরিত্র হিসেবেই দেখা যাবে এদের ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাতে দেব ও শুভশ্রীকে কীভাবে পাওয়া যাবে তা দেখতে উৎসুক বাংলার সিনেপ্রেমীরা ৷




































