গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের পুরস্কার এবং স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

বুধবার (৩০সেপ্টেম্বর) সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকানঘর নির্মাণে সহায়তা, চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার, নিরাপত্তা ও আলোকায়নের জন্য সোলার ল্যাম্প পোস্ট এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়া কর্মসংস্থানের লক্ষ্যে স্থানীয় বেকার যুবকদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের পুরস্কৃত করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা প্রয়োজন। মানুষের কল্যাণ, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজার এলাকায় উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকটি দোকান ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের পাশাপাশি তিনজন নিহত হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হন। পরে ওই ঘটনায় পুলিশ একাধিক মামলা করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

Ads