খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে মো. জলিল মুন্সি (যুবক) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুলিবাগান বটতলার অদূরে এ ঘটনা ঘটে।
নিহত জলিল দিলুর মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতপুরের কুলিবাগান এলাকায় জলিলের বাবার একটি পানের দোকান রয়েছে। সেখানে যাওয়ার জন্য সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে বের হন তিনি। কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কারও সঙ্গে তার তর্কাতর্কি হয়।
এরপর কুলিবাগান বটতলা থেকে কিছুটা দূরে যাওয়ার পর একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তির সঙ্গে জলিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের একজন জলিলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। গুলি দুটি তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে লাগে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। এ সময় পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


























