রামগড়ে দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২৮ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ির রামগড়ে ‘ঘুষের বলি দেশটা আজ, নষ্ট হচ্ছে কাজের কাজ, রুখে দাঁড়াও তরুণ দল, দুর্নীতিতে ভাঙো বল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার বিকল্প নেই’—বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিন তাবাচ্ছুম রাফি।
এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছয়জন প্রতিযোগী বিজয়ী হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। দুপ্রকের সহসভাপতি করিম শাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবদুর রউপ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



























