খাগড়াছড়িতে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম
খাগড়াছড়িতে জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন জনগোষ্ঠী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য চাকমা জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ও নবনিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খনি রঞ্জন ত্রিপুরা। মারমা জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রুমেল মারমা।
এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি অশোক মজুমদার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব দোলন দাশ সভায় বক্তব্য দেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা হয়। বক্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিতে পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




































