খাগড়াছড়ির পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম


খাগড়াছড়ির পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পেরাছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা উন্নয়ন’ (Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি তপন বিকাশ ত্রিপুরা।

সভায় গ্রুপের সহসভাপতি রাঙাবী চাকমা ও পূর্ণমনি ত্রিপুরা, সদস্যসচিব ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, অংপ্রু মারমা ও শবনব রোয়াজা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার পূর্ণ বিকাশ ত্রিপুরা ও বিদ্যুৎ জ্যোতি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রতিনিধিসহ শিক্ষক, সমাজকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, শিক্ষানুরাগী, যুব ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পেরাছড়া ইউনিয়নের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার উন্নয়নে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে শিক্ষাসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি সেগুলোর সমাধানে কমিউনিটির সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, পেরাছড়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ২০২৬ সালের ২০ জানুয়ারি গঠন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ গ্রুপের লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে শিক্ষার বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ ও চিহ্নিত করা এবং শিক্ষা উন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করা।

Ads