চুরির অপবাদ সইতে না পেরে রামগড়ে যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

রতন বৈষ্ণব ত্রিপুরা

১০ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম


চুরির অপবাদ সইতে না পেরে রামগড়ে যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

​খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সহ্য করতে না পেরে হেলাল হোসেন সাগর (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়া এলাকার শালবাগানস্থ নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার পাশের ঘরের এক চাচীর মাটির ব্যাংক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হেলালকে অভিযুক্ত করেন তার চাচা ও চাচী। ঘটনার পর দায় স্বীকার করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে তিনি ক্ষমা চাইলেও চাচা-চাচী তাকে ক্ষমা না করে থানা-পুলিশের ভয় দেখান। এই লজ্জা ও অপমানের কারণে তীব্র হতাশাগ্রস্ত হয়ে রবিবার রাতে ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

​নিহতের পিতা আমীর হোসেন জানান, সকালে ছেলের মা গামছা খুঁজতে গিয়ে হেলালের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে ছেলের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। তিনি আরও বলেন, গলার পুরোনো গামছা ছিঁড়ে মরদেহ নিচে পড়ে যাওয়ায় পরে অন্যদের সহযোগিতায় তা ঘরের সামনের রুমে এনে রাখা হয়।

​সংবাদ পেয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি ফাঁস দিয়ে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads