খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
০৮ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম
খাগড়াছড়িতে শুরু হয়েছে খাগড়াছড়ি প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)। শনিবার (৮ আগস্ট) খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাদকের নেশা থেকে সরে এসে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারে।

টুর্নামেন্টটি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে পাঁচটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ১১-০ গোলে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। খাগড়াছড়ি দলের পক্ষে মানুচিং মারমা ছয়টি গোল করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলকে ১০ হাজার টাকা করে বিশেষ উপহার দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. নজরুল ইসলামসহ ক্রীড়া সংগঠক, সাংবাদিক, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে নারী ফুটবলারদের নিয়মিত প্রতিযোগিতার সুযোগ তৈরি এবং নারী ফুটবলের বিকাশে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।




































