খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
০৫ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে খাগড়াছড়ি টাউন হলে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত ও অংশগ্রহণকারীদের অবদানের কথা স্মরণ করেন। তারা গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য, আইনের শাসন এবং দেশ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।































