টিকাদান জোরদার ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ এমপি মাধবী মার্মার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম


টিকাদান জোরদার ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ এমপি মাধবী মার্মার


বান্দরবানে হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

সভায় জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, অ্যাম্বুলেন্স সুবিধার উন্নয়নসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। হামের বিস্তার রোধ এবং জেলার প্রতিটি মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণের অনুরোধ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

সভায় বক্তারা বলেন, জনস্বার্থে এ ধরনের সময়োপযোগী সমন্বয় সভা জেলার স্বাস্থ্য সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, সদর জোন কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন, জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও সদর জোন কমান্ডার বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

Ads