খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জাবারাং ও কারিতাস: ১৭৬ পরিবারে বহুমুখী সহায়তা
২১ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
সাম্প্রতিক দেশব্যাপী অতিবর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি জেলার বন্যাপ্রবণ কমলছড়ি ইউনিয়নের ১৭৬টি পরিবারের মাঝে স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে বহুমুখী নগদ সহায়তা (Multipurpose Cash Grant-MPCG) এবং স্বাস্থ্যবিধি (হাইজিন) সামগ্রী বিতরণ করেছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, কমলছড়ি ইউনিয়ন খাগড়াছড়ির অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিতরণ করা নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে। পাশাপাশি তিনি উপকারভোগীদের দায়িত্বশীলভাবে এ সহায়তা ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রোগ্রাম পরিচালক বিনোদন ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি পাপ্পু রোজারিও ও শিল্টন ত্রিপুরাসহ জাবারাং কল্যাণ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, কমলছড়ি ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



























