মাটিরাঙায় স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের নির্বাচনী প্রচারণা

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম


মাটিরাঙায় স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের নির্বাচনী প্রচারণা


খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাটিরাঙা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মাটিরাঙা উপজেলার প্রত্যন্ত গ্রাম ও বিভিন্ন বাজারে আয়োজিত পথসভায় স্থানীয় জনগণের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

খাগড়াছড়ি নাগরিক ঐক্য ফোরামের মনোনীত ফুটবল প্রতীকের প্রার্থী সমীরণ দেওয়ানের নির্বাচনী সফরে সঙ্গী ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মনীন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালার ব্যবসায়ী সগীর ফরাজীসহ দলীয় ও স্থানীয় পর্যায়ের কর্মী-সমর্থকরা।

দিনব্যাপী প্রচারণায় গুইমারার বাল্যাছড়ি, মাটিরাঙা উপজেলার তবলছড়ি, তাইন্দং, ডাকবাংলা, গোমতী বাজার, রামশিরা বাজার, দেওয়ানপাড়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে সমীরণ দেওয়ান বলেন, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, মানুষের সাড়া ততই বাড়ছে। দল থেকে বহিস্কারের বিষয়টিকেও তিনি ইতিবাচকভাবে দেখছেন বলে জানান।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। দলীয় মনোনয়ন না পেয়ে গত ১৬ ডিসেম্বর সমীরণ দেওয়ান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুরুষোত্তম চাকমা।

খাগড়াছড়ি জেলার রাজনীতিতে পরিচিত মুখ সমীরণ দেওয়ান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৯ সালের ১০ জুলাই থেকে ১৯৯৭ সালের ৪ জুলাই পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৭ সালের ৫ জুলাই থেকে ১৯৯৮ সালের ১৪ অক্টোবর পর্যন্ত প্রথম অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা ও পরিচিতির কারণে সমীরণ দেওয়ান নির্বাচনে একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। এদিকে, খাগড়াছড়ি-২৯৮ আসনে অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে প্রচারণা অব্যাহত রেখেছেন।

 

Ads