খাগড়াছড়িতে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ করল জামায়াত


খাগড়াছড়িতে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ করল জামায়াত


খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শাপলা চত্বর, আদালত সড়ক ও মধুপুর ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেন, “কেন্দ্র দখল করে ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি আর বাংলার মাটিতে চলবে না।” তিনি দাবি করেন, জনগণ এখন সচেতন এবং সহিংস বা হুমকির রাজনীতি জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জামায়াত নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তি ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জামায়াত প্রার্থী বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনের ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, বিএনপি বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনগণ ব্যালটের মাধ্যমে পরিবর্তন আনতে প্রস্তুত। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জোটের নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন। এছাড়া বক্তব্য রাখেন এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরে আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি আনোয়ার হোসাইন মিয়াজী, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মান্নানসহ ১০ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

Ads