খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়নপত্র সংগ্রহে ১০ প্রার্থী
২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ির খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন— বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। এছাড়া ইনসানিয়াত বিপ্লব দলের আপেল প্রতীকের প্রার্থী মো. নূর ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. কাউছার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন— সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্ম জ্যোতি চাকমা, লাব্রিচাই মার্মা ও সন্তোষিত চাকমা।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন জানান, বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি জেলার মোট ৯টি উপজেলা নিয়ে গঠিত। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে প্রচারণা বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি-২৯৮ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




































