ভাসমান অবস্থায় নদী থেকে প্রতিবন্ধীকে উদ্ধার
০২ জুন ২০২৫, ০৯:২১ পিএম
প্রতিবন্ধী জয়নাল
জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদী থেকে দুই পা বাঁধা ভাসমান অবস্থায় এক প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়েছে। প্রতিবন্ধী জয়নাল আবেদীন (৩০) ক্ষেতলাল উপজেলার ভাসলা ফকিরপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি মৃগী রোগে ভুগছিলেন।
জানা যায়, প্রতিবন্ধী জয়নাল ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে চড়ে তিনি বিভিন্ন স্থানে ভিক্ষা করে জীবন ও জীবিকা নির্বাহ করতেন। এ ভাবে ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর পাড় এলাকায় পৌঁছালে হঠাৎ শুরু হয় তার মৃগীর উপসর্গ এবং অসুস্থ অবস্থায় তিনি সেখানে সকলের অগোচরে বেলা ১১টার দিকে ব্রিজ থেকে নদীতে পড়ে যান। নদীর স্রোতের তোড়ে দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে প্রায় ১৩ কিমি ভেসে আক্কেলপুরের সীমানায় চলে আসেন। বিকেল চারটার দিকে উপজেলার পারঘার্টি নবাবগঞ্জ ঘাট মহাশ্মশানের নিকট আসলে স্থানীয় জনগণ জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
অপর দিকে ক্ষেতলাল বিলের ঘাটে এলাকাবী তাৎক্ষণিক নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ততক্ষণে ধারণা করা হয়- প্রতিবন্ধী জয়নাল প্রাণ হারিয়ে নদীর পানিতে তলিয়ে গেছে।
উপজেলা ফায়ার সার্ভিসের কাছে নদীতে নেমে উদ্ধার কাজ করার মতো সরঞ্জাম না থাকায় লাশ উদ্ধারের জন্য রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই বিকেলে খবর আসে প্রতিবন্ধী জয়নাল নদীতে পড়ে ভরা নদীর প্রবল স্রোতে ভেসে যেতে যেতে প্রায় ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলার নবাবগঞ্জ ঘাট এলাকায় গিয়ে পৌঁছান। বিকেলে নদীর তীরে খেলতে থাকা কয়েক যুবক তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন এবং জীবিত দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখান থেকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন।
নবাবগঞ্জ ঘাট এলাকার তারেক শাখিদার রূপালী বাংলাদেশকে বলেন, বিকেলে নদীর তীরে আমরা বসেছিলাম। এ সময় নদীতে একজনকে কলা গাছ ধরে স্রোতে ভেসে যেতে দেখে আমরা কয়েকজন নদীতে নেমে তাকে জীবিত উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেই। এ সময় তার দুই পা গামছা দিয়ে বাঁধা ছিল। আমরা প্রাথমিক ভাবে ধারণা করেছিলাম তাকে কেউ মেরে নদীতে ভেসে দিয়েছে।
প্রতিবন্ধী জয়নাল আবেদীন রূপালী বাংলাদেশকে বলেন, মৃগী রোগের কারণে আমার পা সব সময় বাঁধা থাকে। আমি বিলের ঘাট এলাকায় গিয়ে নদীতে কখন কীভাবে পড়ে গেছি তা মনে নেই। পরে জ্ঞান আসলে আমি নিজেকে হাসপাতালে দেখি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রায়হানুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, অচেতন অবস্থায় নদী থেকে এক প্রতিবন্ধী ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলে তার জ্ঞান ফিরে।
পরে সে খবর পেয়ে আক্কেলপুর হাসপাতালে ছুটে আসেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, সোমবার বেলা ১১টার দিকে তুলসীগঙ্গা নদীর বিলের ঘাটে সবার অজান্তে প্রতিবন্ধী জয়নাল নদীতে পড়ে যায়। বিলের ঘাটে তাঁর ব্যবহার করা ভ্যানটি পাওয়া যায়। উপরে খবর পাওয়া যায় সে আক্কেলপুরে উদ্ধার হয়েছে। তার খোঁজ খবর ও সার্বিক সাহয্যের জন্য আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসেছি। সে মৃগী রোগে ভুগছিল।
আক্কেলপুর থানার (ওসি) মাসুদ রানা বলেন, জয়নালকে তুলসীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।



























