মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ ছাত্র নেতা আটক
২১ মে ২০২৫, ০৩:৫৭ পিএম
মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি, পুলিশের সাথে অসাধাচরণ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার(২১ মে) সকালে নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। তারা উভয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে গণসাধ্যমকে বলেন, মেহেরাব ও রাজুর বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগ সদস্যসহ অনেকের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া পুলিশের সাথে অসদাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ নামে একটি ফেক আইডির সাথে সংশ্লিষ্টতার অভিযোগও আছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এ সময় কোনও কাজে তাদের ভুল থাকলে, তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি। তবে আটককৃতদের মুক্তি না দিলে কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা।



























