বিএনপির নেতার বাড়িতে মিলল সরকারি চাল
২৪ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম
কুমিল্লার লাকসামে সাবেক বিএনপি নেতা রবিউল হোসেন রবুর (৪২) বাড়ি থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত সাবেক বিএনপি নেতা রবুকে ৬ মাসের কারাদণ্ডসহ ডিলার লাইসেন্সটিও বাতিল করা হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেনের এক আত্মীয়ের ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু (৪২) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (চৈতি কালাম গ্রুপ) ছিলেন। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক লোক জানান, গতকাল বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় একই পাড়ার দুর্সম্পর্কীয় এক চাচির ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু।পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। এ সময় চাল বহনকারী রিকশা চালক সফিকুর রহমানকে আটক করেন এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ঘটনাস্থলে পৌঁছে ডিলার রবিউলকে ডেকে আনলে তিনি চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ‘জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। এ ঘটনায় তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।’



























