আক্কেলপুরে ঐতিহ্যবাহী বারুণী স্নানে হাজারো পূণ্যার্থী

চৈতন্য চ্যাটার্জী

২৮ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম


আক্কেলপুরে ঐতিহ্যবাহী বারুণী স্নানে হাজারো পূণ্যার্থী

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

পাপ মোচন ও পূণ্য লাভের আশায় জয়পুরহাটের আক্কেলপুরে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী বারুণী গঙ্গা স্নান অনুষ্ঠিত ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলা শহরের সোনামুখী তুলশীগঙ্গা নদীর ঘাটে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্য স্নান এ উপলক্ষে ২দিন ব্যাপী মেলা বসে। প্রায় ৩শ বছর ধরে দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পূণ্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।

ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী সোনামুখী তুলশী গঙ্গা নদীর ঘাটে ভিড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশগ্রহণ করেন। এছাড়াও স্নান উপলক্ষে পূণ্যার্থীদের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদ। দূরদূরান্ত থেকে এসে জড়ো হয় সাধু সন্যাসীরা। এ উপলক্ষ্যে সোনামুখী ঘাট এলাকা জুড়ে নানা রকম পসরা নিয়ে বসেছে মেলা। বারুণী এ মেলায় দেখা যায় বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন ও জেলাপি কানমুড়ির দোকান আরও  রয়েছে সৌখিন কাঠ ও মাটি এবং লোহার তৈরি  আসবাবপত্র, বাঁশ ও বেতের তৈরি চালুন, ডালি, কুলা, পাখা।

আয়োজকরা জানান, বছরের এই সময়টায় প্রতি বছরই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা স্থানে সমবেত হন। গঙ্গা স্নান উপলক্ষে এলাকায় প্রতিটা বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন আসে, হয়ে উঠে মিলন মেলা। দিনব্যাপী স্নান, গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, কীর্তন, মহাপ্রসাদ বিতরণ করা হয়
বদলগাছী উপজেলা থেকে আসা লিটন কুমার মন্ডল বলেন, প্রতিবছর স্বপরিবারে পূণ্য লাভের আশায় বারুণীর স্নান করতে আসি। প্রতিবছর আমরা উপবাস থেকে এখানে এসে বারুণী গঙ্গা স্নান শেষে দান দক্ষিণা দিয়ে মা গঙ্গার প্রসাদ গ্রহণ করি।

নওগাঁ জেলা থেকে আসা সুকুমার চন্দ্র বর্মন বলেন, আমরা চারজন বন্ধু পাপ মোচন, গঙ্গা দর্শন ও পূণ্য লাভের জন্য বারুণী গঙ্গা স্নানে এসেছি। 
বিষ্ঠ মালাকার বলেন, আমি ৩৬ বছর ধরে এখানে পূজা করে আসছি। ভক্তবৃন্দরা যে যার মনের বাসনা পূরণের জন্য বারুণী স্নান করে গঙ্গাপূজা করেন। আমি নিজ উদ্দ্যোগে দেবী গঙ্গার বিগ্রহ তৈরি করি। 

বারুণী গঙ্গা স্নান মেলা কমিটির সভাপতি শ্রী বাসুদেব সাহা বলেন, প্রায় ৩০০শ বছর ধরে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পাপ মোচনের আশায় এ পূণ্য বারুণী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। স্নানে বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্তবৃন্দ ও নারী পূণ্যার্থীগণ বেশি আসেন। 

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, হিন্দু ধর্মের প্রথা অনুসারে প্রতি বছর চৈত্র মাসে বারুণী তিথিতে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন সোনামুখীতে যে স্থানে এই মেলাটি বসে দিন দিন জায়গা বেদখল হয়ে যাচ্ছে। উদ্ধারের জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।

Ads