খাগড়াছড়িতে টিসিবির পণ্যসহ ২ জন আটক
২০ মার্চ ২০২৫, ০৪:৪৫ পিএম
খাগড়াছড়ি সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ দুইজনকে আটক করেছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে সদরের কুমিল্লাটিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ২নং ওয়ার্ডের নাজমুল স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে দোকান মালিক মো. নাজমুল হাসানকে আটক করা হয় এবং তার দোকান থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদকৃত ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ও ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সম্পৃক্ত মো. জহিরুল ইসলামকেও আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।































