শিশু আছিয়াকে ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মহিলা দল ও ছাত্রদলের বিক্ষোভ


শিশু আছিয়াকে ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মহিলা দল ও ছাত্রদলের বিক্ষোভ


শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং বিচারহীনতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল ও খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল।  

সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দলের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, "ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা বিদেশে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে।"  

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার মহিলা দলের নেতাকর্মীরা। তারা শিশু ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন।  

এছাড়া একই দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি গেইট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন। 

সরকারি কলেজ ছাত্রদলের আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, সহ-আইন বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদ, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আ. মান্নান, সদস্য মো. রফিক, মো. মাসুদ, জাহির হোসেন জিকু প্রমুখ।  

বক্তারা বলেন, "নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়লেও বিচারহীনতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।"

 

Ads